সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ একজন, জিআর পরোয়ানাভুক্ত দুইজন এবং মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
 

রবিবার (১৩ সেপ্টেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানগুলো পরিচালিত হয়।
 

ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তি হলেন হুমায়ুন কবির (৩৫)। তিনি শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও পশ্চিমপাড়ার নুর মিয়ার ছেলে।

পুলিশ আরও জানায়, এসআই রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে চরনারচর ইউনিয়নের পেরুয়া-বক্তারপুর এলাকায় শামীম মিয়ার বাড়ির পশ্চিম পাশে কাঁচা রাস্তা থেকে তাকে ৯৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
 

অন্যদিকে, রাজানগর ইউনিয়নের গচিয়া বাজারের মাছের বাজারের সামনে পাকা রাস্তা থেকে মো. সজিব মিয়া (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গচিয়া গ্রামের মৃত আকিল মাহমুদের ছেলে। পুলিশের দাবি, পারমিট ছাড়া মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ঘাগটিয়া গ্রামের রম উল্লা ওরফে করিমের ছেলে হাছন মিয়া (৩৫) ও হোছন মিয়া (৩০)কে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন , মাদকবিরোধী অভিযান ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১৪