ছবি: সংগৃহিত
সিলেট পাসপোর্ট অফিসের বিদ্যুৎ লাইনে ত্রুটির পর ছবি তোলার স্টেশনগুলোতে কারিগরি জটিলতা দেখা দিয়েছে। ফলে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের নিয়মিত সেবা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় সেবা প্রত্যাশীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
জানা গেছে, বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে পাসপোর্টের ছবি তোলার ৯টি স্টেশনে কারিগরি সমস্যা দেখা দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়।
পরে ৬টি স্টেশন সচল করা সম্ভব হলেও ৩টি স্টেশন এখনো চালু করা যায়নি।
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপসহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে সাময়িকভাবে সেবা কার্যক্রম বিঘ্নিত হলেও দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আংশিকভাবে কার্যক্রম চালু হয়। বাকি ৩টি স্টেশন সচলের কাজ চলছে।
তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী, আগামী রবিবারের মধ্যে বাকি স্টেশনগুলোও সচল হবে। এরপর পাসপোর্ট অফিসের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে।’
এদিকে বৃহস্পতিবার পাসপোর্ট সংক্রান্ত কাজ করতে আসা অনেক সেবাগ্রহীতা দীর্ঘ সময় অপেক্ষা করে সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৮/ইকে-০৩




