প্রবাসের মাটিতে থেকেও জন্মভূমির মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে ‘সম্প্রীতির বন্ধনে আবদ্ধ জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’।
দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় সংগঠনটির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবারও জৈন্তাপুরের অসহায় ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলার দরবস্তস্থ হেলালী মার্কেটের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের ২৭তম আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠান।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় রোগী, গৃহ নির্মাণে সহায়তা প্রয়োজন এমন ব্যক্তি এবং হতদরিদ্র নারী-পুরুষসহ মোট ৩০ জনের মধ্যে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
সহায়তা পাওয়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। বিশেষ বিবেচনায় তালিকাভুক্ত এসব মানুষের হাতে সরাসরি অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
মাওলানা মুজাম্মিল হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, প্রবাসী গ্রুপের উপদেষ্টা জমির উদ্দিন, সৌদি আরবপ্রবাসী মাহমুদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতিতে অবদান রাখছেন না, নিজেদের কষ্টার্জিত অর্থের একটি অংশ এলাকার অসহায় মানুষের কল্যাণেও ব্যয় করছেন। জৈন্তাপুর প্রবাসী গ্রুপের ধারাবাহিক মানবিক কার্যক্রম স্থানীয়ভাবে অসহায় মানুষের জন্য সহায়তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
প্রবাসী গ্রুপের বিভিন্ন সময়ের কার্যক্রমেও এ মানবিক ধারাবাহিকতার প্রতিফলন দেখা যায়। এর আগে ২০২৬ সালের মার্চে পবিত্র রমজান উপলক্ষে উপজেলার ছয় ইউনিয়নের ৩৫০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ১০ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।
এ ছাড়া সংগঠনটির কার্যক্রমে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা এবং নিজ এলাকার মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়টি গুরুত্ব পেয়ে আসছে। বিভিন্ন দেশে থাকা জৈন্তাপুরের প্রবাসীদের সমন্বয়ে পরিচালিত এই সংগঠনটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছে।
স্থানীয়রা মনে করেন, দূর প্রবাসে থেকেও নিজ এলাকার অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজে মানবিকতা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ভূমিকা রাখছে।
জৈন্তাপুর প্রবাসী গ্রুপের ২৭তম সহায়তা বিতরণেও সেই ধারাবাহিকতারই প্রতিফলন ঘটেছে—প্রবাসীদের সম্মিলিত সহায়তায় ৩০ জন অসহায় মানুষের হাতে পৌঁছেছে ৩ লাখ টাকার মানবিক সহায়তা।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/এসডি-২৩




