ছবি: সংগৃহিত
সিলেটে ক্রমেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু না হলেও এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়।
তারা জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে এর আগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগজুড়ে এ বছর ৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় মোট ৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ ও মৌলভীবাজার সদর হাসপতালে শনাক্ত হয়েছেন ১ জন।
এরাসহ এ বছর মোট শনাক্ত হয়েছেন ৩৪৮ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩১ জন। তাদের মধ্যে ওসমানী মেডিকেল জলেজ হাসপাতালে ৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ ও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ২ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ৩ জনের মৃত্যু হয়েছে তারা সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জের অধিবাসী।
অন্যান্য বছরের মতো এ বছরও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী হবিগঞ্জে। এ জেলায় এবার মোট শনাক্ত হয়েছেন ১৪৭ জন। এরপর সুনামগঞ্জ জেলায় ৭৭, সিলেটে ৭৪ ও মৌলভীবাজার জেলায় শনাক্ত হয়েছেন ৩৭ জন।
শনাক্তকৃতদের মধ্যে সিলেট বিভাগের বাইরে থেকে আসা আছেন ১৩ জন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬




