ছবি: সংগৃহিত

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 


বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বলধারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী (৪২), জয়মন্টপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসিম হোসেন (২৮), চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাবান আলী সর্দার (৪০), ধল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা সফিকুল ইসলাম (৩৮), আওয়ামী লীগের কর্মী সোহান (৩৮), ইমন ওরফে নজরুল ইসলাম (২৩) ও রবিন শেখ (২০)।

 

পুলিশ জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর সিংগাইর থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলার মধ্যে ধল্লা পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ, শপিংমল প্যারামাউন্ট ও আড্ডা ক্যাফে রেস্টুরেন্টের সামনে সংঘটিত ঘটনার অভিযোগ রয়েছে।

 

গ্রেপ্তারদের মধ্যে উপজেলা যুবলীগ নেতা সফিকুল ইসলামকে এর আগে দুইবার এবং শাবান আলী সর্দার ও সিরাজুল ইসলামকে একবার করে গ্রেপ্তার করা হয়েছিল।

 

এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের সদস্যদের দাবি, তাদের স্বজনরা এসব ঘটনার সঙ্গে জড়িত নন। এমনকি সংশ্লিষ্ট মামলার এজাহারেও তাদের নাম নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই তাদের মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

 

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কর্মকাণ্ডে জড়িত ছিলেন- এমন তথ্য পুলিশের কাছে রয়েছে। পাশাপাশি তারা গোপনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০১