মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের একটি মাছ ধরার জালে পেঁচিয়ে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়।
 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল হাইল হাওরের উকুলবেড়ির বিলে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে হাওরের উকুলবেড়ির বিলে মৎস্যজীবী রুমন মিয়ার পা পাতা মাছ ধরার জালে একটি বড় অজগর সাপ পেঁচিয়ে আটকা পড়ে। দীর্ঘক্ষণ ছটফট করার পর বিষয়টি টের পেয়ে আজ সকালে রুমন মিয়া স্থানীয় সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে বিষয়টি জানান।
 

খবর পেয়ে সাবেক সদস্য তাহের আলী তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
 

পরবর্তীতে সাবেক মেম্বার তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর জালের প্যাচ কেটে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

অজগর সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-০২