শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর এক ফেসবুক পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করায় বহিষ্কৃত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রশক্তি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে থেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের মূলনীতি, দলের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থী কার্যকলাপের জন্য মো. রাব্বি হোসেনকে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার একটি ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেন রাব্বি হোসেন। ওই কমেন্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান একদল শিক্ষার্থী। সেখান থেকে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
যদিও অভিযোগের পর রাব্বি হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শেখ হাসিনাকে আমি শুভ জন্মদিন আপা সার্কাজম হিসেবে বলেছিলাম। আমি ২৪ এর আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলাম এবং হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আমি সরাসরি বলছি আমি হাসিনার স্বৈরতন্ত্রের বিপক্ষে এবং আমি সরাসরি ২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। আমি কখনো কোনোদিনও আওয়ামীলীগের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম বলেন, ‘আমরা জানতে পেরেছি, সে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসে। বর্তমানে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে।’
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্দেহে এক ছাত্রকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, রাব্বি হোসেন জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া জাকসু নির্বাচনে স্বতন্ত্র থেকে ভিপি প্রার্থী ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১২






