সিলেটে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশু নিহতের ঘটনায় এক চালককে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতার রুমেল আহমদ (৩৭) মৌলভীবাজার রাজনগরের সুনামপুর গ্রামের জসীম উদ্দিনের ছেলে।
জানা যায়, গত ৮ সেপ্টেম্বর এ দুর্ঘটনা ঘটে। দুই বছরের শিশু আব্দুল্লাহকে নিয়ে তার বাবা-মা মোটরসাইকেলে যাতায়াত করে খাসদবির থেকে কদমতলীর দিকে যাচ্ছিলেন।
পরে বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বন্দরবাজারের সমবায় ভবনের সামনে পৌঁছালে দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক পালিয়ে গিয়ে সিএনজি রেখে যায়। এ ঘটনায় শিশুর বাবা কোতোয়ালী মডেল থানায় ৯ সেপ্টেম্বর মামলা করেন।
পরবর্তীতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার সময় ওসমানীনগরের তাজপুর কদমতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনী পদক্ষেপের জন্য গ্রেফতার ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬






