খুলনায় মো. ইকবাল মোল্লা নামে এক বিএনপি নেতাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।


রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর লবণচরার হঠাৎ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।



আহত ইকবাল খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক। তিনি ইসলামপাড়া এলাকার বিল্লাল মোল্লার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি ইকবাল মোল্লাকে গুলি করে। এতে তার হাঁটুতে গুলি লাগে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২-এর সহকারী রেজিস্ট্রার চিকিৎসক সাহেদ বলেন, ইকবালের পায়ে গুলি ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।


লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, প্রাথমিকভাবে হামলার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ইকবাল মোল্লার মেয়ের সঙ্গে আবির নামে এক যুবকের বিয়ে হয়েছিল।


প্রায় তিন মাস আগে তাদের বিচ্ছেদ হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে হামলা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক