আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময়ে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে আজ সোমবার রাতে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের জন্য আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ তখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকান খোলা থাকবে।
বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে এবার সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হলো।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক- মআস-০৭





