আমাদের রান্নাঘরের মশলাগুলো কেবল খাবারের স্বাদ ও সুগন্ধই বাড়ায় না, এর রয়েছে নানা স্বাস্থ্যগত উপকারিতাও। বিশেষ করে মশলা চা, কারি, ডেজার্ট কিংবা বিরিয়ানিতে বহুল ব্যবহৃত উপাদান দারুচিনি তার অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ-বিরোধী (অ্যান্টি-ইনফ্ল্যামেটরি) গুণের জন্য বহুকাল ধরে সমাদৃত। তবে সাম্প্রতিক সময়ে ওজন কমানোর সহজ ও ঘরোয়া উপায় হিসেবে ‘দারুচিনি পানি’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ফুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন সকালে খালি পেটে দারুচিনি মেশানো পানি পান করা একটি সাধারণ অভ্যাস হলেও এটি পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা সুস্থ উপায়ে ওজন বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উপাদান।
ওজন নিয়ন্ত্রণে দারুচিনি পানির প্রধান উপকারিতা
১. হজমশক্তির উন্নতি ও অন্ত্রের যত্ন: কার্যকর ওজন ব্যবস্থাপনায় সুস্থ হজমপ্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দারুচিনি পানি পানের ফলে খাবার সহজে হজম হয় এবং খাওয়ার পর পেট ফাঁপা বা অস্বস্তি ভাব কমে।
নিউট্রিশন রিসার্চ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণার কথা উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়, নিয়মিত দারুচিনি গ্রহণে এটি ‘প্রোবায়োটিক’-এর মতো কাজ করে অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। আর পরিপাকতন্ত্র ভালো থাকলে শরীর খাবার থেকে পুষ্টি উপাদানসমূহ সঠিকভাবে শোষণ করতে পারে।
২. রক্তের শর্করা নিয়ন্ত্রণ ও অপ্রয়োজনীয় ক্ষুধা হ্রাস: দারুচিনি রক্তে শর্করার মাত্রা সামঞ্জস্যপূর্ণ রাখতে সাহায্য করে। এর ফলে হঠাৎ করে তীব্র ক্ষুধা পাওয়া বা অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়, যা সারাদিন অযথা অস্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়া থেকে বিরত রাখতে সাহায্য করে।
৩. বিপাকক্রিয়া বা মেটাবলিজম বৃদ্ধি: দৈনন্দিন খাদ্যতালিকায় দারুচিনি পানি অন্তর্ভুক্ত করলে তা শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়াকে চাঙ্গা রাখতে সহায়তা করে। উন্নত মেটাবলিজম শরীরকে শক্তি উৎপাদনে আরও দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করে।
৪. মিষ্টি খাওয়ার আকর্ষণ কমানো: দারুচিনির নিজস্ব প্রাকৃতিক উষ্ণ ও হালকা মিষ্টি স্বাদ রয়েছে, যা অতিরিক্ত চিনি ছাড়াই স্বাদকোরককে তৃপ্ত করে। ফলে প্রক্রিয়াজাত স্ন্যাক্স বা চিনিযুক্ত ক্ষতিকর পানীয় পানের ইচ্ছা কমে যায়।
৫. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: দারুচিলিতে রয়েছে প্রচুর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং সামগ্রিক স্বাস্থ্যের সুরক্ষা দেয়।
যেভাবে তৈরি করবেন দারুচিনি পানি
প্রতিবেদনে দারুচিনি পানি তৈরির সহজ উপায় তুলে ধরা হয়েছে:
উপকরণ: ১টি ছোট দারুচিনির কাঠি (অথবা ১/২ চা চামচ দারুচিনি গুঁড়ো) এবং ১.৫ কাপ পানি। প্রস্তুত প্রণালি:
একটি পাত্রে ১ দশমিক ৫ কাপ পানি মৃদু আঁচে ফোটাতে হবে।
ফুটন্ত পানিতে দারুচিনির কাঠি বা গুঁড়ো যোগ করতে হবে।
৫ থেকে ৭ মিনিট ধিমে আঁচে ফুটিয়ে নিতে হবে, যাতে দারুচিনির সব নির্যাস পানিতে ভালোভাবে মিশে যায়।
এরপর আঁচ বন্ধ করে পানি কিছুটা ঠান্ডা হতে দিতে হবে।
প্রয়োজনে ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় সকালে খালি পেটে পান করা উত্তম।
বিশেষ নজর ও সতর্কতা
পরিমিত মাত্রায় প্রতিদিনের তালিকায় দারুচিনি পানি রাখা একটি ভালো অভ্যাস হতে পারে। তবে এনডিটিভি ফুড মনে করিয়ে দিয়েছে যে, কেবল একটি নির্দিষ্ট পানীয় পান করে ওজন কমানো সম্ভব নয়। টেকসই ও সুস্থ উপায়ে ওজন কমাতে হলে এই পানীয়টির পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা, নিয়মিত শারীরিক ব্যায়াম করা এবং সার্বিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা অপরিহার্য।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩





