ছবি: সংগৃহিত
সিলেটে কোনো অবস্থাতেই প্রাণহানী ঠেকানো যাচ্ছেনা। আরও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘঠেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ১৮৫।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়। তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে শহিদ শামসুদ্দিন হাসপাতালে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রাহুল। সে গোয়াইনঘাট থানা এলাকার নাসির উদ্দিনের ছেলে।
অপর শিশুর মৃত্যু হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তার বয়স ৬ মাস। নাম রাখী। সে সুনামগঞ্জের দিরাই থানা এলাকার বজেস মিয়ার মেয়ে।
এই দু’জনসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ১৮৫। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের।
সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৭৫ জন। এরপর সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৫ জনের।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১০৯৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।
এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ২২৯ জন। তাদের মধ্যে শহিদ শামসুদ্দিনন হাসপাতালে ৮৮, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৬, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৫ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫৫২ জন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-১০





