সিলেট নগরীর এয়ারপোর্ট সড়কে কঠোর অবস্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বেপরোয়া মোটরসাইকেল চলাচল বন্ধ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে অভিযান চালানো হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি ছুটির দিনে একদল কিশোর ও যুবক এয়ারপোর্ট সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। এ সময় উচ্চ শব্দে বাইক চালানোর অভিযোগও রয়েছে।এতে সাধারণ পথচারী ও যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। বাড়ে দুর্ঘটনার আশঙ্কা।
এ পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালায় পুলিশ। বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসানো হয়।
অভিযানকালে হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অপ্রাপ্তবয়স্ক চালকদেরও নজরদারিতে রাখা হয়। ত্রুটিপূর্ণ ও কাগজপত্রহীন মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি চালকদের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।
এসএমপি ট্রাফিক সূত্র জানায়, নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
যানজট নিয়ন্ত্রণ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এয়ারপোর্ট সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের এ তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪





