হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুর জন্য কচুরিপানা কাটতে গিয়ে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
 


নিহত সৌরভ দেবনাথ জলসূখা ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের নাথ হাটির নিপু দেবনাথের পুত্র।
 

নিহত সৌরভের পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সৌরভ নিজের পালিত গরুর খাবারের জন্য পার্শ্ববর্তী নদীর পাড়ে কচুরিপানা কাটতে যায়। কচুরিপানা কাটার এক পর্যায়ে কাঁকড়ার মত দেখতে একটি বিচ্ছু তার ডান হাতের একটি আঙ্গুল কামড়ে দেয়। এসময় সৌরভ শোর চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন সেখানে জড়ো হন। তখন সৌরভ তাদের জানায় কাঁকড়ার মত দেখতে একটি বিচ্ছু তাকে কামড় দিয়েছে। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো.আদিব ইসলাম জানান, যখন তাকে নিয়ে আসা হয় তখন আমরা পরীক্ষা করে উনাকে মৃত অবস্থায় পাই। তার পরিবারের লোকজন জানান পানিতে কচুরিপানা কাটার সময় তাকে বিচ্ছু কামড় দিয়েছে। তার ডান হাতের একটি আঙ্গুলে একটি কামড়ের দাগ রয়েছে। তবে সেটি বিচ্ছু নাকি সাপের তা বলতে পারছিনা।
 

নিহত সৌরভের চাচাতো ভাই অর্জুন দেবনাথ জানান, শুক্রবার দুপুর ১টার দিকে সৌরভ নদীর পাড়ে গরুর খাবারের জন্য কচুরিপানা কাটতে যায়। কচুরিপানা কাটার এক পর্যায়ে একটি বিচ্ছু তাকে কামড় দেয়।
 

স্থানীয় ইউপি সদস্য জনেরা খাতুন জানান, দুপুরে গরুর জন্য কচুরিপানা কাটতে গেলে বিচ্ছু তাকে কামড়ে দেয়। তারপর তার স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়।
 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে তার পরিবার থেকে কোন অভিযোগ আমরা পাইনি।

 


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-১৬