সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশু আহত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চতুল-দরবস্ত সড়কের বড়চতুল ইউনিয়নের রায়পুর গ্রামের ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জিরাসহ পিকআপ ভ্যান জব্দ করেছে।

 


আহত খাদিজা বেগম (৩)। সে বড়চতুল ইউনিয়নের রায়পুর গ্রামের আব্দুল মুমিনের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খাদিজা সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট এলাকা থেকে সিলেটগামী একটি বেপরোয়া গতির ভারতীয় জিরাভর্তি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে খাদিজা মারাত্মকভাবে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানসহ ভারতীয় জিরার বস্তাগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত খাদিজার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ এখনও দায়ের করা হয়নি। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৭