ছবি: সিলেট ভিউ।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ ১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 



সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক মুস্তাক আহমদ ও প্রাক্তন ছাত্র সামছুন নুর।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য বশির উদ্দিন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে দরিদ্র শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। আজ যারা কৃতী শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা পেয়েছ, এটি তোমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তবে আমি মনে করি, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও প্রযুক্তির ক্ষেত্রেও তোমাদের ভালো করতে হবে।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নোমান আহমদ, বশির উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক জিয়া উদ্দিন, হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর আফসার উদ্দিন, কবি ও গীতিকার ইয়াকুব বখত বহলুল, দৈনিক সুনাম কণ্ঠের সম্পাদক বিজন সেন রায় এবং বশির উদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা নেজামুল ইসলাম।

 

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাগলা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শরাফত উল্লাহ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দ্র কুমার দেব, ইশাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক তাজুদ আলী, গভর্নিং বডির সদস্য জামিল আহমদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়জুল ইসলাম ও সালিশ ব্যক্তিত্ব ফরুক মিয়া।

 

আলোচনা সভা শেষে শান্তিগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ ১৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

 

এ সময় উপস্থিত ছিলেন গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তকবিল আলম, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীবেশ চন্দ্র, নারায়ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুল মিয়া, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সুরমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/সামিউলকবির/আশিক-০৮