ছবি: এআই।
সিলেটে পর্যটন সম্পর্কিত সব তথ্য সংবলিত একটি মোবাইল অ্যাপ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পর্যটন খাতের ব্যাপক প্রচার-প্রসার ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন খাতের অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, প্রস্তাবিত মোবাইল অ্যাপের মাধ্যমে সিলেটের পর্যটন-সংশ্লিষ্ট তথ্য পর্যটকদের কাছে আরও সহজে তুলে ধরার উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা।
মতবিনিময় সভায় বক্তব্য দেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের (টোয়াস) সভাপতি হুমায়ুন কবির লিটন, পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আবদুল ওয়াহেদ, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রঞ্জন সামান্ত, সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল আহাদ।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, পর্যটন বিষয়ক তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্যোগ সিলেটের পর্যটন খাতের বিকাশ, পর্যটকদের তথ্যপ্রাপ্তি সহজ করা এবং জেলার পর্যটন সম্ভাবনাকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সহায়ক হবে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৪





