ছবি: সিলেট ভিউ।

সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা। কিন্তু বাস্তবে ছাড় দেওয়া হচ্ছে মাত্র ১০ শতাংশ! কোথাও বিদেশি পণ্যের নামে বিক্রি হচ্ছে দেশি পণ্য। আবার কোথাও নকল পণ্য বিক্রির অভিযোগ। এসব অনিয়মের অভিযোগে সিলেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি কাপড়ের দোকানকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

প্রশাসন জানায়, অভিযানে জুরিক ফ্যাশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নকল পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়।


৭০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বাস্তবে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়ার অভিযোগে জোহা ফ্যাশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রির অভিযোগে সোলসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ ছাড়া সাইনবোর্ড ও ব্যানারে ৪০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বাস্তবে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়ার অভিযোগে বন্ডকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু। অভিযান শেষে তিনি জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩/আশিক-১৬