ফাইল ছবি

পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (১৯) ও মিথিলা আক্তার (১৭) নামে দুই প্রেমিক-প্রেমিকার মৃত্যু হয়েছে।
 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে যশোরের চৌগাছা-যশোর সড়কের টালিখোলা এলাকায় ইমরানের চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত অয়ন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। অন্যদিকে মিথিলা আক্তার চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার নাজমুলের মেয়ে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে প্রেমিকা মিথিলা আক্তার মোটরসাইকেল চালিয়ে প্রেমিক অয়নকে সঙ্গে নিয়ে চৌগাছা থেকে আড়াদাহের দিকে যাচ্ছিলেন। পথে টালিখোলা এলাকার ইমরানের চাতালের সামনে পৌঁছালে যশোর থেকে চৌগাছাগামী একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
 

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে বিকেল ৪টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মিথিলা আক্তারের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তবে খুলনা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় দুটি প্রাণ ঝরে যাওয়ায় দুই পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
 

চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান নেয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮