সিলেটে আসল মোড়কের আড়ালে চলছিল নকল সিগারেটের বাণিজ্য। নগরীর হকার্স মার্কেট, শাহপরাণ, বন্দর বাজারের বিভিন্ন পাইকারি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ করেছে জেলা প্রশাসন।


পরে এসব সিগারেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩ লাখ টাকা।


শনিবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
 

তিনি জানান, গত সাত দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। হকার্স মার্কেট, শাহপরান ও বন্দরবাজারের পাইকারি দোকানগুলোতে আসল মোড়কে নকল সিগারেট বিক্রির তথ্য পাওয়া যায়।

অভিযানে বেনসন, গোল্ডলিফ, মন্সটার, পুষ্পা, ডার্বি, পার্টনার ও প্রাইম গোল্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া নকল সিগারেট জব্দ করা হয়। পরে জব্দ করা সিগারেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নতুন বিধান অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুদের পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে জরিমানার পরিমাণ ধাপে ধাপে বাড়বে।
 

জেলা প্রশাসনের মতে, নকল সিগারেটের অবৈধ বাণিজ্যের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। একই সঙ্গে এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। কম দামে সহজলভ্য হওয়ায় তরুণদের ধূমপানে আসক্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

নকল সিগারেটের বাণিজ্য বন্ধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬