ইংল্যান্ডের নারী কাবাডি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি আনিসা খান। তিনি সিলেটের মৌলভীবাজারের রাজ নগরের সন্তান। খেলাধুলার প্রতি ভালোবাসা, কঠোর পরিশ্রম ও অদম্য আত্মবিশ্বাসের মধ্য দিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা আনিসার এই অর্জন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অধিনায়ক নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন আনিসা। তাঁর এই অর্জনে গর্বিত বাবা এশিয়ান কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা ইয়াওয়ার খান।
খেলাধুলার পাশাপাশি শিক্ষা, করপোরেট কর্মজীবন ও উদ্যোক্তা হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন আনিসা। ২০২৫ সালের এপ্রিল মাসে বিবিসিতে প্রচারিত জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ১৯তম সিরিজে রানার-আপ হয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন।
আনিসার কাবাডি যাত্রার শুরু ২০১৭ সালে, বিশ্ববিদ্যালয়জীবনে। লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই)-এর কাবাডি সোসাইটিতে যোগ দেওয়ার সময় তিনি ছিলেন, সম্পূর্ণ নতুন একজন খেলোয়াড়। সেই সময় হয়তো ভাবেননি, নতুন একটি খেলার প্রতি আগ্রহই একদিন তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে একটি জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ এনে দেবে।
এরপর পেরিয়েছে সময়, যুক্ত হয়েছে জীবনের নানা অভিজ্ঞতা। এলএসই থেকে স্নাতক সম্পন্ন করার পর আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেনচারে কাজ করেছেন তিনি। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন ‘বোম্বে পিৎজা’। ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যবসায়িক দক্ষতা ও প্রতিযোগিতামূলক মানসিকতার পরিচয়ও দিয়েছেন।
জীবনের নানা ব্যস্ততা ও পরিবর্তনের মধ্যেও কাবাডির সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন আনিসা। সেই ধারাবাহিকতারই স্বীকৃতি হিসেবে এবার ইংল্যান্ডের নারী কাবাডি দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তিনি।
নতুন এই দায়িত্ব সামনে রেখে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে আগামী সপ্তাহে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে আনিসা ও তাঁর দলের। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার পাশাপাশি দলের খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়া হবে তাঁর জন্য এক বড় চ্যালেঞ্জ।
নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দলগত সংহতি ও আত্মবিশ্বাসকে পুঁজি করে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জনের প্রত্যাশা আনিসার। তাঁর এই পথচলা প্রমাণ করে, আগ্রহ ও অধ্যবসায়ের সমন্বয় একজন মানুষকে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।
ব্রিটিশ-বাংলাদেশি এই তরুণীর সাফল্যে গর্বিত তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। খেলাধুলা, শিক্ষা ও ব্যবসায় সমানতালে এগিয়ে চলা আনিসা খান এখন নতুন প্রজন্মের সামনে এক অনুপ্রেরণামূলক নাম।আনিসার বাংলাদেশের বাড়ি বৃহত্তর সিলেটের মৌলভীবাজারের রাজ নগর।
সিলেটভিউ২৪ডটকম/এহসানুল/মআস-০৩





