সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ অক্টোবর) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টা ১৫ মিনিটে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশনে প্রবেশ করে। এর আগে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিন থেকে ধোঁয়া দেখতে পান ট্রেনের চালক। পরে তিনি ধীরে ধীরে ট্রেনটি স্টেশনে প্রবেশ করান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্টেশনে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানো হলেও ট্রেনের ইঞ্জিনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
জানা গেছে, বিকল্প ইঞ্জিন পৌঁছালে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন সরিয়ে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে। বিকল্প ইঞ্জিন পৌঁছালে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। তবে এ ঘটনায় অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে তিনি জানান।
ট্রেনের পরিচালক জহির উদ্দিন জানান, স্টেশনের আউটার এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর চালক সতর্কতার সঙ্গে ট্রেনটি স্টেশনে নিয়ে আসেন। আগুন যাতে যাত্রীবাহী বগিতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ইঞ্জিনটি বগি থেকে আলাদা করে রাখা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৪





