ছবি- এআই
প্রতিবছর দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের ঢল নামে সিলেটে। এবার টানা ৫ দিনের ছুটি। তাই এবছর পূজার ছুটিতে লাখো পর্যটক সমাগমের প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা।
ইতোমধ্যে মানসম্পন্ন বেশিরভাগ হোটেলের ৮০-৯০ শতাংশ রুম বুকড হয়ে গেছে। অতিথি বরণে সাজসজ্জা ও সংস্কারের মাধ্যমে নিজেদের হোটেল-মোটেলগুলো আকর্ষনীয় করে তুলেছেন ব্যবসায়ীরা।
পাহাড়, নদী, ঝর্ণা, বিস্তৃর্ণ চা বাগানসহ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে প্রতিবছর ঈদ ও পূজার ছুটিতে অসংখ্য পর্যটক ছুটে আসেন সিলেটে।
সিলেটের পর্যটন ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে, এবার পূজার ছুটিতে পর্যটকদের ঢল নামার সম্ভাবনা দেখছেন তারা। পূজার ছুটি ৫ দিন হলেও অন্তত ১০ দিন সিলেটে পর্যটক সমাগম হবে বলে তারা আশাবাদী। অনুকুল আবহাওয়া এবং রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় অন্য যে কোন বারের চেয়ে এবার পূজার ছুটিতে বেশি পর্যটক আসবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, সিলেটের মানসম্পন্ন বেশিরভাগ হোটেল-মোটেল অনলাইনে বুকড দিয়ে পর্যটকরা আসেন। ইতোমধ্যে এসব হোটেল-মোটেলে ৮০-৯০ ভাগ রুম বুকড হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ রুম বুকড হওয়ার ব্যাপারে আশাবাদী তারা। মৌলভীবাজার ও হবিগঞ্জের মানসম্পন্ন হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলোর অবস্থাও একই বলে জানা গেছে।
সিলেট হোটেল মোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স এসোসিয়েশনের সভাপতি সুমাত নূরী জুয়েল জানান, বেশিরভাগ হোটেলের রুম বুকিং শেষ হওয়ার পথে। এবার পূজার ছুটিতে আশা করা যাচ্ছে ‘ফুল বুকড’ ব্যবসা হবে। আবহাওয়া ভাল, দেশের অবস্থাও শান্ত- তাই পর্যটকরা পরিবার নিয়ে ছুটি কাটাতে সিলেটে আসবেন।
গত ২-৩ মাস ধরে এমনিতেই সিলেটে পর্যটকদের আগমণ অন্যসময়ের চেয়ে বেশি- মন্তব্য করেন সুমাত নূরী জুয়েল।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-২৪





