ছবি: সিলেট ভিউ।
সিলেট নগরজুড়ে বইছে শারদীয় দুর্গাপূজার উৎসবের আমেজ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর আলোকসজ্জায় মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। প্রতিমা দর্শনে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে পূজামণ্ডপ ঘুরে দেখছেন সনাতন ধর্মের নানা বয়সী মানুষ। সব মিলিয়ে নগরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সিলেট মহানগর এলাকায় এ বছর সার্বজনীন ১৪৬টি ও পারিবারিক ১৬টিসহ মোট ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকায় সাজানো হয়েছে মণ্ডপ। উৎসব নির্বিঘ্ন করতে আয়োজকদের পাশাপাশি প্রশাসনও নিয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।
মির্জাজাঙ্গাল মণ্ডপে প্রতিমা দর্শনে আসা দর্শনার্থী রতন দাস বলেন, দুর্গাপূজা সবার মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। পরিবারের সদস্যদের নিয়ে মণ্ডপে ঘুরছেন তিনি। পূজার পরিবেশ ও আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
আরেক দর্শনার্থী সুমন চক্রবর্তী বলেন, বন্ধুদের সঙ্গে প্রতিমা দর্শনে বের হয়েছেন। নগরীর বিভিন্ন মণ্ডপে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন উৎসব উপভোগ করতে পারেন, সেই প্রত্যাশা করছি।
এদিকে, শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট মহানগরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সাদা পোশাকে পুলিশ মোতায়েন, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পূজামণ্ডপ ও আশপাশের এলাকার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিরাপত্তার দায়িত্ব পালন করছেন পাঁচ শতাধিক পুলিশ সদস্য। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দুই শতাধিক ট্রাফিক পুলিশ সদস্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করাই তাঁদের লক্ষ্য।
পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং শব্দযন্ত্র ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৫





