ছবি: সংগৃহিত
চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একই রাতে কয়েক মিনিটের ব্যবধানে ওই অঞ্চলে আরো একটি ভূমিকম্প অনুভূত হয়।
এছাড়া চীনের অন্য একটি এলাকায় ৫.২ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) বরাতে এ তথ্য জানা গেছে।
এনসিএস জানায়, গতকাল বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিটে তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের পাঙ্গিন এলাকা থেকে প্রায় ৪৮৯ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১৭৩ কিলোমিটার।
প্রথম কম্পনের প্রায় ৩৯ মিনিট পর, রাত ৮টা ৪২ মিনিটে একই অঞ্চলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এনসিএসের তথ্য মতে, এর উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের বাসার এলাকা থেকে প্রায় ৩২৩ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে, গভীরতা ১৫ কিলোমিটার।
এর আগে রাত ৮টা ২৯ মিনিটে চীনের আরেকটি এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
এনসিএস জানায়, এর উৎপত্তিস্থল ছিল পাঙ্গিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং গভীরতা ১৫ কিলোমিটার। গত আগস্টে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে এক হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সীমান্ত এলাকা থেকে সৃষ্ট বন্যার পানি নেপালের উত্তর ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে বহু বাড়িঘর ও ভবন ভেসে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৫





