নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাতুয়া বোকারভাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 


আটক ব্যক্তিরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়েরের ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার সবমঙ্গল গ্রামের আব্বাস আলীর ছেলে সুমন আহম্মেদ (২৬)।

 

জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ছাতকের বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। একপর্যায় জাতুয়া বোকারভাঙ্গা এলাকা থেকে সন্দেহজনক গতিবিধির কারণে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন ছাত্রদল ও স্থানীয় জনতা। 

 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০২