সিলেট থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে সিলেট-ঢাকা মহাসড়কের নরসিংদির রায়পুরার মাহমুদাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে এনা পরিবহনের একটি বাস থেকে ১৪০ রাউন্ড সিসা গুলিসহ স্বপ্ন আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
আটক স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
পুলিশ জানায়, সিলেট-ঢাকা মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ এলাকায় সিলেট থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী স্বপ্ন আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে রায়পুরা থানা পুলিশ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরপূর্বক আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০




