আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ছবি: সংগৃহিত।

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 


মঙ্গলবার (২৭ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এই আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোস্তফা সরদার, মো. রাশেদ, ঢাকা ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজীব, সেলিম মিঞা, আব্দুস সামাদ রনি, মমিন হাওলাদার, মো. জিহাদ, রসুলপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মহিউদ্দিন এবং যুবলীগ কর্মী মো. রাহাদ, রাতুল, মো. মারুফ, মো. রায়হান, সানি ও নাজমুল হাসান হৃদয়।

 

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৪ অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হয়ে মিছিলের চেষ্টা, রাষ্ট্রবিরোধী স্লোগান, নাশকতার পরিকল্পনা, বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেন তারা। খবর পেয়ে পল্টন থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহায়তায় চার কিশোরসহ মোট ১৯ জনকে আটক করে।

 

পরদিন তাদের আদালতে হাজির করা হলে আদালত চার কিশোরকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন এবং অপর আসামিদের কারাগারে পাঠিয়ে মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

 

মঙ্গলবার শুনানি শেষে আদালত ১৪ আসামির প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৩