ছবি: সংগৃহিত

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনি ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় সাতকানিয়া থানার এক এসআইসহ পুলিশের তিন সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে।

 


প্রশাসনিক পদক্ষেপে তাদের থানা থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

 

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—সাতকানিয়া থানার এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ এবং গাজী মো. মহসিন।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনি ট্রাকে করে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে পরিবহন করা হচ্ছিল।


পথিমধ্যে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের মোটরসাইকেলযোগে এসে ট্রাকটির গতি রোধ করেন কয়েক জন পুলিশ সদস্য।

 

ট্রাকচালক নাছির জানান, পুলিশ সদস্যরা তাকে হাতকড়া পরিয়ে জিম্মি করেন। এর পর ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের দুই ‘সোর্স’ রবিন ও মোমিনের সহযোগিতায় ট্রাকের কেবিন থেকে ৩০ হাজার ইয়াবা লুট করা হয়।

 

তার অভিযোগ, ঘটনার সব প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যে ওই ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয়।

 

পুলিশ সূত্র জানিয়েছে, ইয়াবা লুটের এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রশাসনিক কারণে অভিযুক্ত পুলিশ সদস্যদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৬