বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা অন্বেষণের লক্ষ্যে সিলেটে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমেদের এক দ্বিপাক্ষিক বিজনেস নেটওয়ার্কিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর আনন্দ টাওয়ারস্থ এসএমসিসিআই-এর কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসএমসিসিআই সভাপতি খায়রুল হোসেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রথম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম।
সভায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র সৃষ্টির সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে সিলেটের ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের দ্বিপাক্ষিক মতবিনিময় সভা সিলেটের ব্যবসায়ী সমাজ ও যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়িক মহলের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে যৌথ ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা মনে করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি সিলেট অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতেও এ ধরনের উদ্যোগ সহায়ক হবে।
সভায় উপস্থিত ছিলেন লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমেদ এবং লন্ডনপ্রবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ী আখতারুজ্জামান ও আব্দুল মুমিন।
এসএমসিসিআই-এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি খায়রুল হোসেন, প্রথম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম, সহ-সভাপতি আলিমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী এবং পরিচালক মো. ফারুক আহমদ, রাজীব ভৌমিক, মো. কাপ্তান হোসেন, মো. ফারুক আহমদ, আব্দুল্লাহ আল-হারুন, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আনিসসহ অনেকে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩




