সিলেট শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে।

 


ফলাফল খারাপ হওয়ার পেছনে অনিয়মিত পরীক্ষার্থীদের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন। 

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

ফল বিপর্যয় প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘এইবার ২১ বছরের মধ্যে এইবারই রেজাল্টে ধস নেমেছে আপনারা যেটা বলছেন, আসলে আমি ওইভাবে বিশ্লেষণ করব না, আমি ধসের কথা বলব না। এবার যেটা হলো, যেমন আমরা এসএসসিতেও দেখেছি, আমাদের রেজাল্ট কিন্তু ওইভাবে আর যে আমি পরীক্ষার হলে বসলেই আমি পরীক্ষায় পাস করব, সেটা কিন্তু না। আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন মানদণ্ড কিন্তু এখানে নির্ধারণ হচ্ছে।’

 

তিনি বলেন, ‘স্কুল-কলেজে আমাদের নানাভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা এসেছে, বাচ্চাদের পড়াশোনা করতে হবে। অন্য বোর্ডের রেজাল্টের তুলনায় আমাদের সিলেট শিক্ষা বোর্ডের রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভড। গতবার কিন্তু অভিন্ন প্রশ্ন ছিল না। এবার অভিন্ন প্রশ্ন।’

 

পরীক্ষার্থীদের প্রস্তুতি ও খাতা মূল্যায়ন প্রসঙ্গে বিলকিস ইয়াছমীন বলেন, ‘বাচ্চারাও পড়াশোনা করছে, বাচ্চারাও টেবিলমুখী হয়েছে, পড়ামুখী হয়েছে, কারণ মন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছেন পড়তে হবে। সেই মোতাবেক আমাদের পরীক্ষক, নিরীক্ষক এবং হেড এক্সামিনার প্রত্যেকের যৌথ প্রচেষ্টাতেই কিন্তু একটা বাচ্চার রেজাল্ট হয়। আমরা বোর্ড কিন্তু কিছু জানি না, হেড এক্সামিনার, এক্সামিনার, নিরীক্ষক তিনজনের যৌথ কাজের মাধ্যমে কিন্তু একটা বাচ্চার রেজাল্ট প্রস্তুত হয়।’

 

তিনি আরও বলেন, ‘এবার আসলে আমাদের পরীক্ষার্থীদের সংখ্যা অনিয়মিতরাই বেশি ছিল, অনেক বেশি অনিয়মিত পরীক্ষার্থী ছিল। আমাদের অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে রেজাল্টটা কিছুটা ডাউন হয়েছে। এবার অনিয়মিত পরীক্ষার্থী ১৯ হাজার ৭৬০ জন ছিল, পাস করেছে ৮ হাজার ৬৫১ জন।’

 


উল্লেখ্য, এ বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ, যা গত বছর ছিল ৫১.৮৬ শতাংশ। পাসের হারের পাশাপাশি সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫ প্রাপ্তিতেও বড় ভাটা পড়েছে। এবার এই বোর্ড থেকে মাত্র ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পেরেছে। অথচ গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। ফলে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৯৮ জন।
 

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৬