রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. মিজানুর ভূঁইয়া।

 


সোমবার (৩ নভেম্বর) বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

 

মিজানুর ভূঁইয়া নড়াইলের সদর উপজেলার বুড়িখালি গ্রামের বাসিন্দা মোবারক ভূঁইয়ার ছেলে। দীর্ঘদিন ধরে ৪ নম্বর আউড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

 

সদ্য সাবেক স্বেচ্ছাসেবক লীগের এই সভাপতি বলেন, 'বর্তমানে আমার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে সব ধরনের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। কারও প্ররোচনা ছাড়া নিজ ইচ্ছায়, সজ্ঞানে আওয়ামী লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগ করলাম। ব্যক্তিগত সিদ্ধান্তেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিন্ন করছি। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা মহলের প্ররোচনা নেই। নিজের নামের পাশে থাকা সাংগঠনিক পদসহ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ড থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৫