চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাগানের বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। 

 


মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের মৃত ইয়াসিন হাজির বাগান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাগানের পাশের বালুতে দুই শিশু খেলছিল। এ সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল। কাছে গিয়ে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান তিনি। পরে পাশের বাড়ির বাসিন্দা গোলাপ হোসেনকে বিষয়টি জানালে তিনি শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

 

পরে শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে শিশুটিকে গোলাপ হোসেনের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে শিশুটি তাঁর আশ্রয়ে রয়েছে।

 

কে বা কারা, কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি।

 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, নবজাতক উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে শিশুটির দায়িত্ব গোলাপ হোসেনের কাছে রয়েছে। 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস-০৮