কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-১৫)।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আঠারো ঘরপাড়া এলাকার সীমান্তসংলগ্ন ধানক্ষেতে অভিযান চালায় এসআরবি-১৫।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-১৫ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দীনের ছেলে মো. আদিল (২৬)।
এসআরবি জানায়, মঙ্গলবার রাতে বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন ৯-১০ জনের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান চালানো হয়। এ সময় অভিযানকারী দলের সদস্যরা দুজনকে আটক করতে সক্ষম হন। তবে অন্যরা পালিয়ে যায় বলে অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযান শেষে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সর্বমোট ১১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ৫টি দেশীয় তৈরি বড় রামদা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫ সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১১




