ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্ট চলাকালে বড় ধাক্কা খেল বাংলাদেশ। চোট পেয়েছেন সাদমান ইসলাম। শুক্রবার (৬ নভেম্বর) দ্বিতীয়  দিনের খেলায় প্রথম সেশনে ফিল্ডিংয়ের সময় আহত হন তিনি।

 


বিসিবি শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে তাঁকে ব্যাটিংয়েই পাওয়া যাবে না। 

 

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেছেন, ‘এই মুহূর্তে তিনি প্রথম ইনিংসে ব্যাটিং করার অবস্থায় নেই।’

 

বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, চলমান টেস্টে সাদমানের ব্যাট করা নিয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে। চোট গুরুতর হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন সাদমান। হাসপাতালে গিয়ে স্ক্যান করা হয়েছে সাদমানের। শনিবার (৭ নভেম্বর) পাওয়া যাবে রিপোর্ট।

 

বায়েজীদুল বলেন, ‘সাদমান বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। পরবর্তীতে আর ফিল্ডিং করতে পারেননি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি স্ক্যান করানো হয়েছে। মনে হয়েছে তার একটা ইনজুরি আছে। কাল স্ক্যানের রিপোর্ট পাব। তারপর বিস্তারিত জানা যাবে, কতদিন লাগতে পারে। এই মুহূর্তে তিনি প্রথম ইনিংসে ব্যাট করার মতো কন্ডিশনে নেই।’

 


এদিকে, সাদমানের অনুপস্থিতি বাংলাদেশের ব্যাটিং বিভাগ বড় ধাক্কা খেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী, মাথা বা ঘাড়ের চোট ছাড়া অন্য কোনো কারণে বদলি ব্যাটার নামানোর সুযোগ নেই। ফলে তিনি ব্যাট করতে না পারায় ১০ জন ব্যাটার নিয়ে লড়তে হবে বাংলাদেশ দলকে।

 

প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ৩৫৬ রানের পর দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান করেছে বাংলাদেশ।

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৮