সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হঠাৎ এক টেবিলে বসেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসএমপি, সিলেট রেঞ্জ, এসআরবি-৯ এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় সিলেট বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধপ্রবণতা চিহ্নিতকরণ এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় অপরাধ নিয়ন্ত্রণে তথ্য আদান-প্রদান বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা এবং সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৫




