সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৪২ লাখ ৫৪ হাজার টাকার ভারতীয় মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬৭০ বোতল ভারতীয় মদ, ৫ হাজার ৭০০ পিস আইভি ক্যানুলা, ৬৯০ কেজি জিরা ও দুটি কম্বল।
রোববার (৮ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, শনিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কানাইঘাট উপজেলার সোনারখেওর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে আমবাগান এলাকায় এ অভিযান হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়। এসবের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।
এছাড়া রোববার (৭ নভেম্বর) জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবি। জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে। এ সময় ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা ও ৬৯০ কেজি জিরা জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।
দুই দিনের অভিযানে জব্দ করা মালামালের মোট সিজারমূল্য ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা। মালামালগুলো কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে বিজিবি।
সিলেটভিউ২৩ডটকম/মআস-০১




