ছবি: সংগৃহিত।
সিলেটের জকিগঞ্জ বাজারে নির্ধারিত শেডের বাইরে মাংস বিক্রি বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাজার ব্যবস্থাপনা কমিটির নেতাদের নেতৃত্বে ব্যবসায়ীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর।
বিক্ষোভকারী ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিনের প্রচলিত নিয়ম উপেক্ষা করে কালো টাকার বিনিময়ে বাজারের নির্ধারিত স্থান ছাড়া অন্য জায়গায় মাংস বিক্রির সুযোগ করে দেওয়া হয়েছে। অবিলম্বে এ কার্যক্রম বন্ধের দাবি জানান তাঁরা।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জকিগঞ্জ বাজারের নদীর পাড়ে নির্ধারিত শেডে প্রায় এক শতাব্দী ধরে মাংস বিক্রি হয়ে আসছে। সম্প্রতি কয়েকজন নতুন ব্যবসায়ী বাজারের মাঝখানে মাংস বিক্রি শুরু করেন। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেয়। বিষয়টি নিয়ে সাধারণ ক্রেতাদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যেও আপত্তি তৈরি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, বর্তমান ইউএনও সুজিত কুমার চন্দ যোগদানের আগে নির্ধারিত স্থানের বাইরে মাংস বিক্রি বন্ধে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল। ওই সময় উচ্ছেদের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হয়। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকেও এ বিষয়ে একাধিকবার সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর আবারও একই স্থানে মাংস বিক্রি শুরু হয়। সর্বশেষ গত তিন দিন ধরে বাজারের মাঝখানে মাংস বিক্রি চলতে থাকায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ ঘটনার প্রতিবাদে বাজার ব্যবস্থাপনা কমিটির নেতাদের নেতৃত্বে ব্যবসায়ীরা মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ে যান। সেখানে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় বাজার ব্যবস্থাপনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শামীম আহমদ অভিযোগ করেন, কালো টাকার বিনিময়ে ইউএনও অবৈধভাবে মাংস বিক্রির সুযোগ করে দিয়েছেন। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
খবর পেয়ে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় পৌর বিএনপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বাজার ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
একপর্যায়ে ইউএনও সুজিত কুমার চন্দ বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সামনে এসে বিষয়টি সমাধানে চার ঘণ্টা সময় চান। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারিত শেডের বাইরে মাংস বিক্রি স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ইউএনও বলেন, ‘আইনিভাবে তাদের সুযোগ দেওয়া হয়েছিল। আবারও আইন অনুযায়ী তাদের সরিয়ে দেওয়া হবে।’ তাঁর আশ্বাসের পর আইনকে সম্মান জানিয়ে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেন ব্যবসায়ী নেতারা।
তবে ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত শেডের বাইরে মাংস বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন তাঁরা। তাঁদের অভিযোগ, মাংস ব্যবসার আড়ালে ইয়াবা কারবারে জড়িত ব্যক্তিদের কালোটাকার প্রভাব থাকলে সাধারণ ব্যবসায়ীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। এ পরিস্থিতির অবসান না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬




