ছবি: জাকারিয়া মাহমুদ ফাইল ছবি।
সিলেটের জৈন্তাপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদকে আটক করেছে পুলিশ। তবে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় পুলিশের গাড়ি আটকে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের স্বাদ মিষ্টি বিপণির সামনে থেকে জাকারিয়া মাহমুদকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর তাঁকে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে যাওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
জাকারিয়া মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) আল আমীন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি দেখা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ জাহিদ/ এহিয়া-০৯




