বিদেশে কর্মরত বাংলাদেশী প্রবাসীদের জীবনের গল্প অনেকটা একই রকম। দেশ ছেড়ে তারা পাড়ি জমায় দূর প্রবাসে, পরিবার ও প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে। কিন্তু প্রবাসী জীবনের বাস্তবতা তাদের কাছে প্রায়শই কঠিন,অনেকটা একাকিত্ব ও ত্যাগের সঙ্গে জড়িত। দেশ এবং প্রবাসের মাঝে টানাপোড়েনের এই জীবনে প্রবাসীদের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক তাদের বুকে বয়ে বেড়াতে হয় নীরবে।
 

প্রবাসীদের জীবনের সবচেয়ে বড় দুঃখ' হলো প্রিয়জনদের থেকে দূরে থাকা। পরিবারের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয় বছরে এক বা দুইবার, কখনো কখনো সেটাও সম্ভব হয় না। বিশেষ করে যেসব প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করেন, তাদের অধিকাংশই বছরে একবারের বেশি দেশে ফেরার সুযোগ পান না। অনেকেই আবার এক টানা দশ-বারো বছরও দেশে ফিরতে পারেন না। এই দীর্ঘ সময়ের ব্যবধানে পরিবারের অনেক পরিবর্তন ঘটে-শিশুরা বড় হয়, বাবা-মায়েরা বুড়িয়ে যান। কিন্তু প্রবাসীরা এই পরিবর্তন দেখতে বা অনুভব করতে পারেন না। নিজের সন্তানের প্রথম হাঁটতে শেখা, মায়ের অসুস্থতা কিংবা বাবার শেষ কালের সঙ্গ-সব কিছু থেকেই তারা বিচ্ছিন্ন থাকে।



প্রযুক্তির কল্যাণে এখন দেশে থাকা প্রিয়জনদের সঙ্গে ভিডিও কলে কথা বলা সম্ভব হলেও শারীরিক উপস্থিতির অভাব পূরণ হয় না। প্রবাসীদের মানসিক দুঃখ বাড়িয়ে তোলে এই দূরত্ব, যা তাদের মনে একধরনের শূন্যতা সৃষ্টি করে।


প্রবাসীরা তাদের পরিবারের সচ্ছলতা ও উন্নতির জন্যই দেশ ছেড়ে বিদেশে গমন করেন। তবে এই অর্জন সহজ কোনো ব্যাপার নয়। অধিকাংশ প্রবাসী শ্রমিক বিদেশের নির্মাণ খাত, পরিবহন, সেবা খাত বা কৃষিকাজের মতো কঠোর শ্রমশক্তির ওপর নির্ভরশীল কাজে যুক্ত থাকেন। সকাল থেকে সন্ধ্যা, প্রচণ্ড গরম বা শীতের মধ্যে কাজ করে তারা মাস শেষে পরিবারে টাকা পাঠান। কিন্তু পরিবারের জন্য যে ত্যাগ তারা করছেন, তার আসল মূল্য তারা নিজেরা প্রায়শই পান না। বাড়িতে টাকা পাঠানোর পর তাদের নিজেদের জীবন চালানো অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। বাড়ি নির্মাণ, সন্তানদের পড়াশোনা, ব্যাংক ঋণ পরিশোধ এবং পরিবারের অন্যান্য খরচ মেটাতে গিয়ে অনেক প্রবাসী নিজের জন্য সঞ্চয় রাখতে পারেন না। অনেক সময় প্রবাসীরা নিজেরাই অর্থনৈতিক চাপে ডুবে থাকেন।


ভালো সাংবাদিকতা মানে কেবল ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেওয়া নয়। মানুষের আগ্রহ, জীবন স্মৃতি এবং যেসব বিষয় মানুষকে একে অপরের সঙ্গে জুড়ে রাখে, সেগুলোকে উপলব্ধি করাও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ।

লেখক: আলাল আহমদ, প্রবাসী সাংবাদিক।