ছবি: সিলেট ভিউ।

প্রবাসে থেকেও নাড়ির টান ভুলে যাননি তিনি। দেশের বাড়িতে অসহায় মানুষের কষ্টের কথা শুনলেই এগিয়ে আসেন সহযোগিতার হাত নিয়ে। কারও বাড়িতে বিশুদ্ধ পানির সংকট, কোথাও অর্থের অভাবে বন্ধ হয়ে আছে চিকিৎসা, আবার কোনো এলাকায় থমকে আছে মসজিদ-মাদরাসার উন্নয়ন।

 


মানুষের এসব প্রয়োজনকে নিজের দায়িত্ব মনে করেই একের পর এক মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে চলেছেন কুয়েতপ্রবাসী কামরুল হাসান। তাঁর ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগে গত ১১ বছরে মাধবপুরের বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে। স্থাপন করা হয়েছে তিন শতাধিক নলকূপ। পাশাপাশি মসজিদ-মাদরাসার উন্নয়ন, অসচ্ছল পরিবারের বাসস্থান নির্মাণ এবং দরিদ্র মানুষের চিকিৎসাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন তিনি।

 

জানা যায়, ২০১৫ সালে একটি মানবিক উদ্যোগের মধ্য দিয়ে কামরুল হাসানের এ কার্যক্রমের সূচনা। উপজেলার সোয়াবই গ্রামের দরিদ্র সালেহা আক্তারের পরিবারের সুপেয় পানির কষ্ট দেখে তাঁর বাড়িতে নলকূপ স্থাপনের ব্যবস্থা করেন তিনি। একসময় বিশুদ্ধ পানির জন্য অন্যের বাড়িতে যেতে হতো সালেহাকে। নলকূপ স্থাপনের পর সেই দুর্ভোগের অবসান হয়। একটি পরিবারের পানির সংকট দূর করার সেই উদ্যোগই পরবর্তী সময়ে বৃহত্তর মানবিক কার্যক্রমে রূপ নেয়। এরপর মাধবপুরের বিভিন্ন গ্রামের অসচ্ছল পরিবারের বাড়িতে একে একে স্থাপন করা হয় নলকূপ।

 

কামরুল হাসান উপজেলার ধর্মঘর ইউনিয়নের চকরাজেন্দ্রপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে কুয়েতে বসবাস করছেন তিনি। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও এলাকার মানুষের দুঃখ-দুর্দশার খোঁজখবর রাখেন। নিজের সামর্থ্য থেকে সহযোগিতার পাশাপাশি বড় ধরনের উদ্যোগ বাস্তবায়নে কুয়েতের নাগরিক ও ব্যবসায়ীদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করেন। ২০১৫ সাল থেকে কুয়েতের ব্যবসায়ী আল সানাতের সহযোগিতায় মাধবপুরের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম শুরু করেন তিনি।

 

বিশুদ্ধ পানির ব্যবস্থা করার পাশাপাশি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কামরুল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সোয়াবই গ্রামের বড় মসজিদ, নতুন মসজিদ ও পশ্চিমপাড়া মসজিদ ছাড়াও দুর্গাপুর, রসুলপুর, সুলতানপুর ও দেবপুরের বিভিন্ন মসজিদে ১১ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আহম্মদপুরের দুটি মসজিদে যথাক্রমে ১৫ লাখ ও ১২ লাখ টাকা, কালিবাজার জামে মসজিদে ১৫ লাখ, সন্তামুড়া মসজিদে ৮ লাখ এবং সুলতানপুর পূর্ব পাড়া জামে মসজিদে ৯ লাখ টাকা সহযোগিতা করা হয়েছে। 

 

মাদরাসা শিক্ষার প্রসার ও অবকাঠামোগত উন্নয়নেও রয়েছে তাঁর আর্থিক সহযোগিতার কথা উল্লেখ করে কামরুল জানান, হরষপুর দারুল উলুম মাদরাসায় ১৭ লাখ, সোয়াবই মাদরাসায় ৪ লাখ, মেহেরগাঁও মাদরাসায় ১৯ লাখ, মনতলা পানিহাতা গ্রামের মাদরাসায় ৮ লাখ, গোবিন্দপুর ও বিজয়নগরের পাহাড়পুর মাদরাসায় ৪ লাখ টাকা করে, দারিয়াপুর মাদরাসায় ২০ লাখ এবং তুলসীপুর মাদরাসায় ৪ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

 

এসব মানবিক কর্মকাণ্ড পরিচালনায় অর্থের বড় একটি অংশ এসেছে কুয়েতের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে। এছাড়া লন্ডনভিত্তিক একটি সংস্থা থেকে প্রায় ৫০ লাখ টাকা সংগ্রহ করে বিভিন্ন মসজিদ-মাদরাসায় সহায়তা দেওয়া হয়েছে। ‘রেমিট্যান্স যোদ্ধা ধর্মঘর পশ্চিম অঞ্চল’ নামের একটি সংগঠনের মাধ্যমে প্রবাসীদের উদ্বুদ্ধ করে প্রায় ৪০ লাখ টাকা সংগ্রহ করা হয়। সংগৃহীত এসব অর্থও বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে ব্যয় করা হয়েছে।

 

নিজের উদ্যোগের বিষয়ে কামরুল হাসান বলেন, ‘মানুষের কষ্ট দেখলে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বিশেষ করে বিশুদ্ধ পানির অভাবে কোনো পরিবার যেন কষ্ট না পায়, সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ। এসব কাজ প্রচারের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই করি।’

 

প্রবাসে থেকেও এলাকার মানুষের জীবনমান উন্নয়নে তাঁর এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। দীর্ঘ ১১ বছর ধরে ধারাবাহিকভাবে পরিচালিত এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে কামরুল হাসান শুধু আর্থিক সহযোগিতাই করছেন না, বরং প্রবাসীদের মানবিক কাজে সম্পৃক্ত হওয়ারও একটি দৃষ্টান্ত তৈরি করেছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ সানাউল/ এহিয়া-১০