যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী মুসলিম শিক্ষার্থীদের জন্য বিকল্প ঋণব্যবস্থার বিষয়ে প্রচারণা শুরু করেছে দেশটির ছয় বিশ্ববিদ্যালয়। প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণের বিকল্প হিসেবে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে তারা।
‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ (এএসএফ) নামের এ ব্যবস্থাটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চালু হতে পারে। তবে নতুন এই ব্যবস্থাও ইসলামী শরিয়তের ভাষ্যমতে সুদমুক্ত কি না, সে বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সনদ পাওয়া যায়নি।
বুধবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ইসলামী সংবাদমাধ্যম দ্য ইসলামিক ইনফরমেশন।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আবেদনকারী শিক্ষার্থীদের এ বিকল্প ঋণব্যবস্থা সম্পর্কে তথ্য দিচ্ছে। তবে যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ (ডিএফই) এখনো এটি চালুর চূড়ান্ত তারিখ ঘোষণা করেনি।
ইসলামী বিধান অনুযায়ী সুদের লেনদেন নিষিদ্ধ। এ কারণে প্রচলিত সুদভিত্তিক স্টুডেন্ট লোন নিতে অনেক মুসলিম শিক্ষার্থী দ্বিধায় থাকেন। তাদের উচ্চশিক্ষার সুযোগ সহজ করতেই মূলত বিকল্প এ অর্থায়নব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে শুধু মুসলিম নয়, যেকোনো ধর্মের শিক্ষার্থীই এ ঋণের জন্য আবেদন করতে পারবেন।
যেভাবে কাজ করবে ঋণব্যবস্থা
দ্য ইসলামিক ইনফরমেশন জানিয়েছে, প্রচলিত স্টুডেন্ট লোনের মতো এ ব্যবস্থাতেও শিক্ষার্থীদের পড়াশোনা শেষে নির্ধারিত কিস্তিতে অর্থ পরিশোধ করতে হবে। তবে প্রচলিত ঋণের সুদের পরিবর্তে এতে সুদের সমতুল্য একটি ‘অবদান’ দেওয়ার নিয়ম রাখা হয়েছে (এই ‘অবদানে’র বিষয়টিও সুদের অন্তর্ভুক্ত বলে জানিয়েছেন নদওয়াহ ফিকহ একাডেমির পরিচালক মুফতি আবু সাইদ। তাই এটাকে সুদমুক্ত ঋণ বলা যাবে না)।
সংগৃহীত অর্থ সরকারি রাজকোষ বা ট্রেজারিতে জমা না হয়ে ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ স্কিমের বিশেষ তহবিলে জমা থাকবে। পরবর্তী সময়ে সেই অর্থ অন্য শিক্ষার্থীদের ঋণ দেওয়ার কাজে ব্যবহার করা হবে। তবে কোনো ঋণ অনাদায়ী থাকলে তার দায়ভার বহন করবে যুক্তরাজ্যের করদাতারা।
বিশেষ এ ঋণব্যবস্থার নকশা ও কাঠামো তৈরির জন্য যুক্তরাজ্য সরকার ‘ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে’কে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি অর্থ দিয়েছে।
যে ছয় বিশ্ববিদ্যালয় প্রচার করছে
যুক্তরাজ্যের যে ছয়টি বিশ্ববিদ্যালয় বর্তমানে শিক্ষার্থীদের এ বিকল্প ঋণব্যবস্থা সম্পর্কে তথ্য দিচ্ছে, সেগুলো হলো ব্রিস্টল বিশ্ববিদ্যালয়, লিডস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), সিটি সেন্ট জর্জ, নিউক্যাসেল বিশ্ববিদ্যালয় এবং ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়।
এর মধ্যে ব্রিস্টল বিশ্ববিদ্যালয় তাদের প্রকাশিত তথ্যে এটিকে ‘যুক্তরাজ্য সরকারের সুদমুক্ত ঋণ’ হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে ইউসিএল ও সিটি সেন্ট জর্জ বিশ্ববিদ্যালয়ও জানিয়েছে, এ ঋণব্যবস্থা সুদভিত্তিক হবে না।
উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক
নতুন এ ঋণব্যবস্থা নিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। দেশটির রাজনৈতিক দল রিফর্ম ইউকে-এর শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এ উদ্যোগের সমালোচনা করে একে ‘একটি চরম অ্যান্টি-ব্রিটিশ উদ্যোগ’ আখ্যা দিয়েছেন। তার দাবি, এটি শিক্ষাব্যবস্থায় বৈষম্য তৈরি করবে এবং সমাজকে বিভক্ত করবে।
তবে শিক্ষা বিভাগের (ডিএফই) এক মুখপাত্র এ সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্সের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের কোনো বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। সাধারণ ঋণের মতো এ ঋণও স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের পুরোপুরি পরিশোধ করতে হবে।
প্রচলিত ঋণে দ্বিধায় মুসলিম শিক্ষার্থীরা
যুক্তরাজ্যে প্রচলিত সুদভিত্তিক স্টুডেন্ট লোনের কারণে অনেক মুসলিম শিক্ষার্থী উচ্চশিক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় ভোগেন। ২০২১ সালের ‘মুসলিম সেন্সাস’-এর প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত স্টুডেন্ট লোনের সুদব্যবস্থার কারণে দ্বিধাগ্রস্ত বোধ করেন।
বিকল্প এ ঋণব্যবস্থা চালু হলে সুদের কারণে প্রচলিত শিক্ষাঋণ নিতে অনাগ্রহী মুসলিম তরুণদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬




