১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের প্রথম শত্রুমুক্ত হওয়া এলাকা হিসেবে সিলেটের জকিগঞ্জকে ‘দেশের প্রথম মুক্তাঞ্চল’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে।
দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর এ উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় সংগঠনটির উদ্যোগে বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা সাড়ে ৬ টার সময় পূর্ব লন্ডনের ব্রিকলেনস্থ ক্যাফে গ্রীলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের জকিগঞ্জ সফরের কথা রয়েছে। এ সফরকে কেন্দ্র করে জকিগঞ্জের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাস এবং প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।
জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আব্দুর রাজ্জাক ইকবাল। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল হোসাইন।
এতে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি জয়নুল আবেদীন, কোষাধ্যক্ষ কাজী মাওলানা এমদাদুল হক, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কাজী খালেদ, সহকারী কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ও জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের সম্পাদক ফজলে চৌধুরী একলিম এবং সহপ্রচার সম্পাদক শরীফ আহমদ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে জকিগঞ্জ দেশের প্রথম শত্রুমুক্ত এলাকা হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। অথচ স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঐতিহাসিক গৌরবের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। এ স্বীকৃতি আদায়ে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও বাংলাদেশে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা আগামী ১ ডিসেম্বরের আয়োজন সফল করতে দেশ-বিদেশে অবস্থানরত জকিগঞ্জবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী ২১ নভেম্বর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বিশেষ পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করেছে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে। কর্মসূচিতে যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/হাছিব/এসডি-১১




