বাংলাদেশের ক্রিকেটে স্পিন-সহায়ক উইকেটে একজন পেসারের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক ছোঁয়া নিঃসন্দেহে বিশেষ অর্জন। সেই অর্জনে নিজের নাম লিখিয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহি। 

 


শনিবার (১৪ নভেম্বর) বরিশালের বিপক্ষে দুটি উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সিলেটের এই পেসার। এক দিন পর (রবিবার) একই প্রতিপক্ষের বিপক্ষে আরও তিন উইকেট তুলে নিয়ে পূর্ণ করেন ক্যারিয়ারের ১৪তম পাঁচ উইকেট।

 

পেসার হিসেবে রাহির সবচেয়ে বড় শক্তিগুলোর একটি দুই দিকেই বল সুইং করানোর দক্ষতা। শুধু উইকেটের স্বাভাবিক সহায়তার ওপর নির্ভর না করে নিজের নিয়ন্ত্রণ ও দক্ষতায় বলকে দুই দিকে মুভ করাতে পারেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে তাঁর এই সামর্থ্য নিয়ে একসময় প্রশংসা করেছিলেন সাবেক অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মুর্তজা। তাঁর ভাষায়, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে রাহিই একমাত্র বোলার, যে কিনা বলেকয়ে বল সুইং করাতে পারে।’

 

রাহির ৩৫০ উইকেটের অর্জনকে বিশেষভাবে দেখছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে একজন পেসারের জন্য উইকেট পাওয়া কতটা কঠিন, সেটি তুলে ধরে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যারা খেলেছেন, তাঁরা জানেন একজন পেসারকে উইকেট পেতে কতটা পরিশ্রম করতে হয়। বেশির ভাগ সময় স্পিন-সহায়ক উইকেটে ৩৫০ উইকেটের এই অর্জন রাহির দক্ষতা, ধৈর্য ও বছরের পর বছর ধরে ধারাবাহিকতারই প্রমাণ। অভিনন্দন রাহি। প্রতিটি উইকেটই তুমি নিজের যোগ্যতায় অর্জন করেছ। এটি গর্ব করার মতো একটি মাইলফলক এবং বাংলাদেশের তরুণ পেসারদের জন্য অনুপ্রেরণা।’

 

একই অর্জনে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদও। তাঁর মতে, বাংলাদেশের স্পিন-সহায়ক কন্ডিশনে একজন পেসারের জন্য এমন মাইলফলক বিশেষ তাৎপর্য বহন করে। নাসুম লিখেছেন, ‘৩৫০ প্রথম শ্রেণির উইকেট এবং পথচলা এখনো চলমান। বাংলাদেশের স্পিন-সহায়ক কন্ডিশনে একজন পেসারের জন্য এটি বিশেষ এক অর্জন। এই মাইলফলকের পেছনে রয়েছে বছরের পর বছর কঠোর পরিশ্রম, দক্ষতা ও অধ্যবসায়। অভিনন্দন রাহি।’

 

রাহির দীর্ঘদিনের পথচলা ও পরিশ্রমের সাক্ষী তাঁর সাবেক রুমমেট রাহাতুল ফেরদৌস জাভেদ। রাহির প্রস্তুতি ও শৃঙ্খলার কথা তুলে ধরে তিনি লিখেছেন, ‘খেলার প্রতি তোমার নিবেদন ও ভালোবাসা কখনোই চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়। তোমার অসাধারণ পথচলার সাক্ষী হতে পেরে আমি সত্যিই গর্বিত। গত কয়েক বছরে রুমমেট হিসেবে আমরা একসঙ্গে অনেক ভালো-মন্দ সময় কাটিয়েছি। তোমার প্রস্তুতি ও শৃঙ্খলা খুব কাছ থেকে দেখেছি, যা তোমাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তোমাকে নিয়ে সত্যিই গর্বিত। সামনে এগিয়ে যাওয়ার আরও অনেক পথ বাকি।’

 

শনিবার ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করার পর রোববার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলায় আরও তিন উইকেট শিকার করেন রাহি। বরিশালের ইনিংসের শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারকে ৬ রানে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তিনি। পরে দলীয় ৯৭ রানে জাকারিয়া মাসুদকে ৪৭ রানে ফিরিয়ে পূর্ণ করেন ৩৫০ উইকেটের মাইলফলক।

 

ইনিংসের শেষ দিকে আবারও জ্বলে ওঠেন এই পেসার। কামরুল ইসলাম রাব্বি, রুয়েল মিয়া ও মো. সাইফুল ইসলাম মুহিমকে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন রাহি। এর মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪তমবারের মতো ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন তিনি। তাঁর বোলিংয়ে বরিশালের ইনিংস থামে ২২৮ রানে।

 

বরিশালের ইনিংসে মাঝের উইকেটগুলো তুলে নেন নাসুম আহমেদ ও নাঈম আহমেদ। দুজনই শিকার করেন দুটি করে উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করা ফজলে মাহমুদকে ফেরান রেজাউর রহমান রাজা। লিগে এবারই প্রথম ম্যাচ খেলতে নেমে এটিই ছিল রাজার একমাত্র উইকেট।

 

জবাবে ব্যাট করতে নেমে অমিত হাসানের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে সিলেট। ১৪৯ বলে ৯টি চার ও একটি ছক্কায় ১০১ রানের ইনিংস খেলেন অমিত। তৃতীয় উইকেটে মুবিন আহমেদ দিশানের সঙ্গে গড়েন ১২৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। ১২৬ বলে আটটি চার ও একটি ছক্কায় ৭৫ রান করে দিশান ফিরলে ভাঙে এই জুটি।

 

এরপর চতুর্থ উইকেটে আশরাফুল হাসান রিহাদের সঙ্গে ষাটোর্ধ্ব আরেকটি জুটি গড়েন অমিত। এই জুটির পথেই তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। দিন শেষে ৩১ রানে অপরাজিত রয়েছেন রিহাদ। তাঁর সঙ্গে ১১ রান নিয়ে অপরাজিত আছেন নাসুম আহমেদ। বরিশালের হয়ে দুটি উইকেট নিয়েছেন রুয়েল মিয়া।

 

বরিশালের ২২৮ রানের জবাবে ৪ উইকেটে ২৩৯ রান তুলে দ্বিতীয় দিন শেষে ১১ রানের লিড নিয়েছে সিলেট। ব্যক্তিগত মাইলফলকের পরদিনই পাঁচ উইকেট নিয়ে রাহি যেমন নিজের অর্জনের খাতায় নতুন পালক যোগ করেছেন, তেমনি অমিতের সেঞ্চুরিতে ম্যাচেও সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে সিলেট।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আফজাল/আশিক-১৪