ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স ও এআই।

সিলেট থেকে প্রতিবছর জীবিকার সন্ধানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান অসংখ্য মানুষ। পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন এবং উন্নত জীবনের আশায় বিদেশমুখী হচ্ছেন এ অঞ্চলের তরুণদের বড় একটি অংশ। আর তাঁদের এই বিদেশযাত্রার আকাঙ্ক্ষাকে পুঁজি করেই সিলেটে সক্রিয় হয়ে উঠেছে প্রতারকচক্র। ভালো চাকরি, আকর্ষণীয় বেতন এবং সহজে ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কোথাও দেওয়া হচ্ছে জাল ভিসা ও ভুয়া নিয়োগপত্র, আবার কোথাও টাকা নেওয়ার পর অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যাচ্ছেন সংশ্লিষ্টরা।

 


এ ধরনের প্রতারণায় আর্থিকভাবে সর্বস্বান্ত হচ্ছেন বিদেশগামী তরুণ ও তাঁদের পরিবার। অনেকেই জমিজমা বিক্রি করে কিংবা ধারদেনা করে দালাল ও এজেন্সির হাতে তুলে দিচ্ছেন বিপুল পরিমাণ অর্থ। কিন্তু শেষ পর্যন্ত মিলছে না প্রতিশ্রুত ভিসা কিংবা চাকরি। ফলে বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখতে গিয়ে অনেকের জীবনে নেমে আসছে চরম অনিশ্চয়তা। অন্যদিকে, অবৈধ পথে ইউরোপে যাওয়ার ঝুঁকি নিতে গিয়ে ভূমধ্যসাগরে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনাও পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

 

সাম্প্রতিক সময়ে সিলেটে বিদেশে পাঠানোর নামে একের পর এক প্রতারণার অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে যুক্তরাজ্যের হেলথ কেয়ার ও স্কিলড ওয়ার্কার ভিসা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

 

বিভিন্ন তথ্যানুযায়ী, সর্বশেষ গোলাপগঞ্জে যুক্তরাজ্যের হেলথ কেয়ার ভিসায় পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে কয়েছ আহমদ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। অভিযোগ অনুযায়ী, প্রতারকচক্র যুক্তরাজ্যের হেলথ কেয়ার ভিসার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৬০ লাখ টাকা নেয়। ভুক্তভোগীরা মেডিকেল পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরও দীর্ঘদিন ভিসা না পাওয়ায় তাঁদের সন্দেহ হয়। পরে কাগজপত্র যাচাই করে সেগুলো জাল ও ভুয়া বলে জানতে পারেন তাঁরা। টাকা ফেরত চাইলে উল্টো ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় কয়েছ আহমদকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

 

এর আগে যুক্তরাজ্যের স্কিলড ওয়ার্কার ভিসার নামে কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে করা মামলায় বদরুজ্জামান তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত ১২ আগস্ট বুধবার জামিনের শর্ত পূরণ না করায় আদালত এ নির্দেশ দেন। মামলার বাদীপক্ষের দাবি, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তানভীরসহ সংশ্লিষ্টরা মোট ১ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার ৩০৮ টাকা গ্রহণ করেন। এর মধ্যে ৪৫ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়া হলেও এখনো ১ কোটি ২ লাখ ২৩ হাজার ৩০৮ টাকা পাওনা রয়েছে। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনেও কয়েকজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, ইউরোপে পাঠানোর আশ্বাস দিয়ে সিলেটের ‘অ্যামেক্স অ্যাসোসিয়েটস’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৭০০ তরুণের কাছ থেকে অন্তত ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে গত ২৯ মে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠানটির দুই মালিক জাবের আহমদ ও ইমন উদ্দিন ইউরোপে পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নেন। পরবর্তী সময়ে তাঁদের ভুয়া ভিসা দেখানো হয়। টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ করে মালিকরা আত্মগোপনে চলে যান। পরে এ ঘটনায় মামলা হলে দুজনকে আটক করে পুলিশ।

 

শুধু প্রতারণার কারণে আর্থিক ক্ষতিই নয়, অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টায় প্রাণহানির ঘটনাও ঘটছে। গত ৩ আগস্ট সোমবার রাতে লিবিয়ার তাবারুক উপকূল থেকে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে। এ ঘটনায় ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের কয়েকজন রয়েছেন। এখনো নিখোঁজ অন্তত সাতজন।

 

এ ধরনের প্রতারণার আরেকটি অভিযোগ করেছেন মুশফিক মুনিম। পরিচিত চারজনকে বিদেশে পাঠানোর জন্য ‘ট্রাভেল জোন’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন তিনি। কয়েক দিন পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু কাগজপত্র দেখিয়ে জানানো হয়, সবার ভিসা হয়ে গেছে। তবে পরবর্তী সময়ে কাগজপত্র যাচাই করতে গিয়ে সেগুলো ভুয়া বলে জানতে পারেন তিনি। এরই মধ্যে প্রতিষ্ঠানটি তাঁর কাছ থেকে ৭৮ লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ করেন মুনিম।

 

সংশ্লিষ্টদের মতে, বিদেশে যাওয়ার প্রবল আগ্রহ, সহজে ভিসা পাওয়ার প্রত্যাশা এবং আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভনকে কাজে লাগাচ্ছে প্রতারকচক্র। অনেক ক্ষেত্রে বিদেশে চাকরির ভুয়া প্রস্তাব, জাল নিয়োগপত্র ও নকল ভিসা দেখিয়ে অর্থ আদায় করা হচ্ছে। ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি বুঝতে বুঝতেই হারাচ্ছেন তাঁদের কষ্টার্জিত অর্থ। আবার অভিযোগ প্রকাশ্যে আসার আগেই কিছু প্রতিষ্ঠান কার্যালয় বন্ধ করে আত্মগোপনে চলে যাচ্ছে।

 

সিলেটের সচেতন নাগরিকরা বলছেন, বিদেশে যাওয়ার আগে রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই না করা এবং ভিসা ও চাকরিসংক্রান্ত কাগজপত্র সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় প্রতারণার সুযোগ তৈরি হচ্ছে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ দেওয়ার আগে সেটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। একই সঙ্গে ভিসা, নিয়োগপত্র ও চাকরির চুক্তিসহ সব প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত থানায় অভিযোগ বা মামলা করার পাশাপাশি টাকা লেনদেনের প্রমাণ সংরক্ষণের পরামর্শ দিয়েছেন আইনজীবীরা।

 

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আটাব) সিলেট জোনের তিনবারের সাবেক চেয়ারম্যান ও সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, ‘সিলেটে বৈধ এজেন্সির সংখ্যা প্রায় ২০০ হলেও নামে-বেনামে গড়ে ওঠা অবৈধ এজেন্সির সংখ্যা অন্তত ১ হাজার। ফলে বিদেশ যাওয়ার স্বপ্ন যেন প্রতারণার দুঃস্বপ্নে পরিণত না হয়, সেজন্য বিদেশগামীদের নিজেদেরও সতর্ক হতে হবে। টাকা দেওয়ার আগে এজেন্সির বৈধতা, ভিসা ও চাকরির কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি লেনদেনের যথাযথ প্রমাণ রাখতে হবে। সিলেটে যে নামে-বেনামে এজেন্সিগুলো রয়েছে তার বেশিরভাগই কেন্দ্র ঢাকায়। ঢাকার লোকজনদের মাধ্যমে এই এজেন্সিগুলো পরিচালিত হচ্ছে। যার ফলে স্থানীয় তরুণ-তরুণিরা বারবার এই স্কেমের শিকার হচ্ছেন।’

 

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের এখনকার যে তরুণ প্রজন্ম তারা যদি দেশমুখী না হয় তাহলে ভবিষ্যতে বড় ধরনের আর্থিক ও মানসিক প্রভাব পড়বে সিলেটবাসীর উপর। এখনও সিলেটের বিভিন্ন প্রবাসী বান্ধব উপজেলাগুলোতে তরুণদের আনাগোনা কম। ভবিষ্যতে আরও ভয়াবহ অবস্থা হবে। আমরা মনে করি, তরুণরা লেখাপড়া করে পাশাপাশি বিভিন্ন ব্যবসা ও সরকারি-বেসরকারি চাকুরিতে মনোযোগি হওয়া প্রয়োজন।’

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, ‘বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি সিলেটে যুক্তরাজ্য ও ইউরোপে পাঠানোর নামে ভুয়া ভিসা ও বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতারণার পুনরাবৃত্তি ঠেকাতে অবৈধ এজেন্সি ও দালালচক্রের বিরুদ্ধে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। বিদেশগামীদেরও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথায় টাকা না দিয়ে সংশ্লিষ্ট এজেন্সির বৈধতা, ভিসা ও চাকরির কাগজপত্র যাচাই করে লেনদেনের পরামর্শ দেওয়া হচ্ছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১২