ছবি: সিলেটভিউ
সিলেটে এবারের বাণিজ্য মেলা চলেছে পুরো একমাস। কারো কোনো অভিযোগ গণমাধ্যমে প্রকাশ না হলেও মেলা শেষের পরদিন অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন কয়েকজন নারী উদ্যোক্তা। তবে তাদের তোলা অভিযোগগুলোকে উদ্দেশ্য প্রণোদীত মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে আয়োজক সংগঠন সিলেট উইমেন চেম্বারের দায়িত্বশীল সূত্র।
জানা যায়, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে গত ১৫ অক্টোবর উদ্বোধন করা হয় ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা-২০২৬। চলে ১৫ নভেম্বর পর্যন্ত।
উইমেন চেম্বার সূত্র জানায়, দীর্ঘ এই একমাসের মধ্যে মেলা আয়োজনে অব্যবস্থাপনা নিয়ে স্টল মালিকদের কোনো অভিযোগ কোনো গণমাধ্যমে প্রকাশ হয়নি। এমনকি আয়োজক কর্তৃপক্ষের সাথে আলাপকালে জানা গেছে, তাদের কাছেও সেরকম কোনো অভিযোগ কেউ দেননি। ছোটোখাটো সমস্যা নিয়ে যখন যে স্টল মালিক চেম্বার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, তাৎক্ষনিক তা সমাধান করা হয়েছে।
তারপরও মেলা শেষের পরদিন সিলেটের একাধিক গণমাধ্যমে জনৈক নারী উদ্যোক্তা শামসুন্নাহারের বরাতে কিছু অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরা হয়েছে।
শামসুন্নাহার আরও কয়েকজন নারী উদ্যোক্তার স্বাক্ষর নিয়ে তাদের স্টল ভাড়া মওকুফ ও অব্যবস্থাপনার অভিযোগে উইমেন চেম্বার সভাপতি বরাবর করা আবেদনের একটি কপি ওইসব গণমাধ্যমে সরবরাহ করেছেন। আবেদনটি ১৪ নভেম্বর, মেলা শেষের মাত্র ১দিন আগে লেখা হলেও আদৌ সেই আবেদনটি চেম্বার সভাপতি বা চেম্বার কার্যালয়ে জমা দেওয়া হয়নি।
এদিকে মেলা যেদিন শেষ হয় (১৫ নভেম্বর) সেদিন রাতেই শামসুন্নাহারসহ তার কয়েকজন সহযোগীর স্টল ভাড়া ও বিদ্যুৎ বিল তাদের সামর্থ্য অনুযায়ী প্রদানের সুযোগ দেওয়া হয়ছে বলে উদ্যোক্তাদের সূত্রে জানা যায়।
এসব তথ্য গোপন রেখে চেম্বার কার্যালয়ে বা সভাপতির কাছে আবেদন না দিয়ে রিসিভ কপি ছাড়াই তাদের আবেদন গণমাধ্যমে সরবরাহ করে চেম্বারের সুনাম ক্ষুন্ন করা হয়েছে বলেও মনে করছেন উদ্যোক্তাদের কেউ কেউ।
চেম্বার সভাপতির কাছে আবেদন না করে গণমাধ্যমের কাছে অভিযোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে নারী উদ্যোক্তা শামসুন্নাহার সিলেটভিউকে বলেন, তখন চেম্বার কার্যালয় বন্ধ ছিল আর সভাপতিও প্রচণ্ড ব্যস্ত ছিলেন। আমরা তার কাছে যাইনি। তবে আবেদনটি অন্য একজন পরিচালকের কাছে দেওয়া হয়েছে।
পুরো একমাস চললেও মেলা শেষে কেন অব্যবস্থাপনার অভিযোগ? এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেন নি শামসুন্নাহার।
এদিকে চেম্বার সভাপতি তাদের অভিযোগ শুনলেও কোনো গুরুত্ব দেননি বলে শামসুন্নাহার যে বক্তব্য দিয়েছেন তার জবাবে সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা বলেন, মেলা চলাকালীন ছোটো বড় যেকোনো সমস্যায় আমি স্টল মালিকদের পাশে ছিলাম। সব সমস্যা সমাধানে কাজ করেছি। কিন্তু মেলা শেষে তারা সভাপতি বরাবর যে আবেদন গণমাধ্যমে সরবরাহ করেছেন, তা আমি পাইনি। আমার কাছে বা চেম্বার কার্যালয়েও আসেনি। যদি তারা আবেদন করতেন, নিশ্চয় রিসিভ কপি পেতেন।
তিনি আরও বলেন, দীর্ঘ একমাস মেলা চলেছে। কেউ কোনো অভিযোগ গণমাধ্যমে জানালেন না। আর মেলা শেষের পরদিন তারা সাংবাদিকদের বিভ্রান্ত করে গণমাধ্যমে অব্যবস্থাপনার অভিযোগ তুললেন- এটা স্রেফ উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা বানোয়াট। আসলে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা এসব অপপ্রচারে নেমেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হতে চেম্বারের সদস্যবৃন্দসহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানাই।
তিনি এসব অপপ্রচারের মাধ্যমে সিলেটের নারী উদ্যোক্তা ও সবার প্রিয় সিলেট উইমেন চেম্বারের সুনাম ধ্বংসের ষড়যন্ত্র থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-১০




