ছবি: সিলেট ভিউ।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে।

 


সমিতির ত্রি-বার্ষিক এ নির্বাচনে সহ-সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন টেবিল প্রতীকের সাহাব উদ্দিন ও তালা প্রতীকের জামিল আহমদ। এর আগে সমিতির অন্যান্য ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন নির্বাচিত হন।

 

মাত্র একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্র ও বাজারের আশপাশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ভোটারদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের মধ্যেও ছিল আনন্দ ও উৎসাহের কমতি ছিল না।

 

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৩৪ জন। এর মধ্যে ৩০৪টি ভোট কাস্ট হয় এবং ৪টি ভোট বাতিল হয়। ভোট গণনা শেষে দেখা যায়, সহ-সভাপতি পদে জামিল আহমদ পেয়েছেন ৭৬ ভোট এবং অপর প্রতিদ্বন্দ্বী সাহাব উদ্দিন পেয়েছেন ২২৪ ভোট। ফলে ১৪৮ ভোটের ব্যবধানে দুইবারের সাবেক সহ-সভাপতি জামিল আহমদকে পরাজিত করে বাজার ব্যবসায়ী সমিতির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাহাব উদ্দিন।

 

এর আগে নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, সমিতির নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান এবং জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

 

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান, সচেতন নাগরিক পরিষদের উপদেষ্টা ফরিদপুর রহমান ফরিদ, সালিশ ব্যক্তিত্ব মুনসুর আলী, ব্যবসায়ী জুয়েল মিয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম ও রায়হান উদ্দিন, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, জেলা উলামা দলের সদস্য মাসুক মিয়া, শান্তিগঞ্জ বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদির জিলানী, সাধারণ সম্পাদক আবু হেলাল, কোষাধ্যক্ষ হাফিজ আব্দুর রশিদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

 

নির্বাচন কমিশনার রুহুল হাসান বলেন, ভোটগ্রহণ অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সবার সহযোগিতায় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমরা নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।

 


সিলেটভিউ২৪ডটকম/সামুয়েল/ এহিয়া-০৪