ছবি: সিলেট ভিউ।

মৌলভীবাজারের রাজনগর থেকে ময়মনসিংহে পাচারের সময় ৪৫৮ বস্তা সার ও একটি ট্রাক আটক করেছে থানাপুলিশ। রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় একটি পেট্রোল পাম্পের পাশ থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। সারগুলো ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।

 


এ সময় ট্রাকের চালক মো. কামাল উদ্দিনকে (৩৮) আটক করা হয়। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চর বেলামাড়ী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। 

 

পুলিশ জানায়, রাজনগরের মুন্সিবাজার এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক প্রস্তুত করা হচ্ছে এমন খবর পায় রাজনগর থানা পুলিশ। পরে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন মৌলভীবাজার- কুলাউড়া সড়কের রাজনগরের গোবিন্দবাটি এলাকায় একটি পেট্রোল পাম্পের পাশে অভিযান চালিয়ে ৪৫৮ বস্তা ইউরিয়া সারবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২৪-৪৭৩৮) আটক করেন। এ সময় ট্রাকের চালক মো. কামাল উদ্দিনকেও আটক করা হয়। 

 

ট্রাকচালক কামাল উদ্দিন জানিয়েছেন, রাজনগরের মুন্সিবাজার এলাকায় ছোট পিকআপে করে তাঁর ট্রাকে সারগুলো লোড করে দেওয়া হয়। তবে সারগুলোর মালিক কে, তা তিনি জানেন না। তিনি সার নিয়ে ময়মনসিংহের নান্দাইল এলাকায় যাচ্ছিলেন। 

 

এ ব্যাপারে রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘সারগুলো সম্ভবত চা-বাগানের। এ-সংক্রান্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে। মুন্সিবাজারের সার ডিলার বাবলু তাঁকে ফোন করে জানিয়েছেন, এগুলো চা-বাগানের সার। তবে সার পাচারের বিষয়টি তাঁর জানা নেই বলে জানান তিনি। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সারগুলো অবৈধভাবে কেনাবেচা করা হচ্ছিল। এগুলোর এখনো কোনো মালিক পাওয়া যায়নি। এ ব্যাপারে রাজনগর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

 

এ বিষয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন, ‘রাজনগর থানার ওসি সার আটকের বিষয়টি তাঁকে ফোনে জানিয়েছেন। সংশ্লিষ্টরা সারের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কাগজপত্র যাচাই করে সঠিক প্রমাণিত না হলে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ সোহেল/ এহিয়া-০৬