সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে সোনা মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

 


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের- এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায় রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলার দিঘলী টুপুর গ্রামের মৃত নরেশ চন্দের ছেলে হেলন চন্দ (৪০) ও নগেন্দ্র কুমার চন্দের ছেলে পিযুষ চন্দ (৫০)। তারা মামলার এজাহারনামীয় ৩ ও ৫ নম্বর আসামি।

 

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ উপজেলার মান্দারবাজার এলাকায় নিহত সোনা মিয়ার ভাতিজা অটোরিকশাচালক রুবেল আহমদের সঙ্গে রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে কাঞ্চন চক্রবর্তীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাঞ্চন চক্রবর্তীর নির্দেশে অন্য বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে রুবেলের ওপর হামলা চালায়।

 

এ সময় খবর পেয়ে সোনা মিয়া ও পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয়। হামলায় জয়নাল মিয়া ও নাজমা বেগম আহত হন। সোনা মিয়া বাধা দিতে এগিয়ে গেলে হামলাকারীরা লোহার পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত জমাট বাঁধে।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা সোনা মিয়াকে সিলেট কমিউনিটি বেইজড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ নভেম্বর তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।

 

এরই ধারাবাহিকতায় এসআরবি-৯-এর সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।

 

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬