সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীর ওপর সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে আলীপুর-টেংরাটিলা ব্রিজের চলমান নির্মাণকাজ দীর্ঘ ৫ বছরেও শেষ হয়নি। গত আগস্টের শেষ দিকে ব্রিজের মূল কাঠামোসহ অন্য কাজ শেষ হলেও বাকি রয়েছে দুই পাশের এপ্রোচ রোড। এতে ঝুঁকি নিয়ে স্টিলের পাটাতন ও মই বেয়ে ব্রিজে ওঠানামা করতে হচ্ছে এলাকাবাসীকে। মূলত নির্মাণকাজে দীর্ঘসূত্রিতার কারণে ব্রিজটি এখন চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও ক্ষুদে শিক্ষার্থীরা।

 


উপজেলা এলজিইডি) সূত্রে জানা যায়, ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ব্রিজটির নির্মাণকাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও খামখেয়ালীসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে।

 

সরেজমিনে দেখা যায়, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজ, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরা স্কুল অ্যান্ড কলেজ,  মুহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চ বিদ্যালয়, আলীপুর নূরানী একাডেমিসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান মাধ্যম এটি। প্রতিদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রীসহ স্থানীয় হাটবাজার, উপজেলা ও জেলা শহরগামী ১০ গ্রামের  হাজারো মানুষ ঝুঁকি নিয়ে ওই ব্রিজ পারাপার হন।

 

স্থানীয় আলীপুর গ্রামের জামাল উদ্দিন বলেন, “ ব্রিজটি সুফলের বদলে এখন বিড়ম্বনার শিকার। তাই ঝুঁকি নিয়ে স্টিলের মই বেয়ে ব্রিজে উঠে ওপর প্রান্তে পাটাতন দিয়ে নিচে নামতে হচ্ছে।” ব্যবসায়ী সজীব আহমেদ বলেন, “ ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করাটা খুবই কঠিন। ঠিকাদারের উদাসীনতায় ঝুলে রয়েছে সংযোগ সড়কের কাজ। আমাদের জনদুর্ভোগ দেখার নেই কেউ।” সিএনজি চালক ফাইজুল মিয়া বলেন, “সংযোগ সড়ক না থাকায় আমরা গাড়ি পারাপার করতে পারছিনা।”

 

ঠিকাদার শংকর বাবু আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, “ ব্রিজের কাজ শেষ। এখন স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও সদস্য আব্দুল হামিদকে সমন্বয় করে ব্রিজের দুইপাশের সংযোগ সড়কের মাটি ভরাটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগির কাজ শুরু হবে।”

 

সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, “ পাঁচ-ছয়মাস পূর্বে আমার মধ্যস্থতায় ব্রিজের দুইপাশের সংযোগ সড়কের মাটি ভরাটের জন্য ঠিকাদারের সাথে ইউপি সদস্য আব্দুল হামিদ গংয়ের নয় লাখ টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পরে চুক্তি অনুযায়ী ব্রিজের পূর্ব পাশে চার লাখ টাকার মাটি ভরাটের কাজ শেষ হয়। কিন্তু নিয়মিত বিল পরিশোধ না করে পাঁচ মাসের মাথায় আংশিক বিল পরিশোধ করেন ঠিকাদার। এখন ঠিকাদারের কাছে অগ্রিম দুই লাখ টাকার বিল দাবি করেন শ্রমিকরা। তাতে রাজি না হলে পশ্চিম পাশের কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা।”


 
উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, কাজ বন্ধ রাখার বিষয়টি আমি অবগত হয়েছি। এখন “কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে তাগিদ দিয়েছি। আশাকরি খুব দ্রুত মাটি ভরাটের কাজ শুরু হবে।”

 

সিলেটভিউ২৪ডটকম/তাজুল/ইকে-০৪